বাংলাদেশে চলমান পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই।’
এদিকে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। ঢাকার মিরপুর এলাকায় সকালে কিছু কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদীসংক্রান্ত যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক মাধ্যম।
এছাড়া ঢাকা ও নতুন দিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের কাছে ভারতের পক্ষ থেকে সফরের স্থায়ী আমন্ত্রণ রয়েছে। প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে তা যথাসময়ে জানানো হবে

