জাতীয় ফুটবল স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখে দলটি।
ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ঢাকাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, মূলত তা যাচাই করতেই এই পরিদর্শন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ব্রাজিলের প্রতিনিধিদল স্টেডিয়ামের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।
ইকবাল বলেন, ‘তারা অন্য দেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে এই মাঠকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় রাখতে পারে, আবার বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। মাঠ ও পরিবেশ দেখতেই তারা এসেছে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবে।’
প্রতিনিধিদলকে জানানো হয়েছে, স্টেডিয়ামের বাকি কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। প্রয়োজন হলে সংস্কারকাজ শেষে তারা আবারও পরিদর্শনে আসতে পারে। ভারতের কলকাতা থেকে আজই ঢাকায় আসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এই দল। পরিদর্শন শেষে রাতেই তাদের ফিরে যাওয়ার কথা।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান ইকবাল হোসেন।


