...|...|...

সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে কতটুকু ভ্রমণ করেছেন, যেভাবে বানাবেন নিজের ভ্রমণ ম্যাপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৯
Shares
বাংলাদেশে কতটুকু ভ্রমণ করেছেন, যেভাবে বানাবেন নিজের ভ্রমণ ম্যাপ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৬৪ জেলার কতগুলো ঘুরে দেখেছেন? কখনো কি হিসেব করে দেখেছেন দেশের কোন কোন প্রান্তে আপনার পা পড়েছে? সেই হিসেব এবার খুব সহজেই রাখা যাবে ডিজিটাল ম্যাপে। নিজের ঘুরে আসা জেলাগুলো নির্বাচন করে কয়েক ক্লিকেই তৈরি করা যাচ্ছে ব্যক্তিগত ‘ভ্রমণ ম্যাপ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ম্যাপ শেয়ার করে নিজেদের ভ্রমণের হিসেব তুলে ধরছেন অনেক ভ্রমণপ্রেমী।

‘আনসিন বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মে গিয়ে যে কেউ নিজের ভ্রমণ করা জেলার তালিকা দিয়ে এই ম্যাপ তৈরি করতে পারবেন। আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে যেসব জেলা ঘোরা হয়েছে, সেগুলো মানচিত্র কিংবা তালিকা থেকে নির্বাচন করলেই ম্যাপে তা চিহ্নিত হয়ে যাবে। একই সাথে কতটি জেলা ঘোরা হয়েছে, তার হিসেবও দেখা যাবে। যেমন ১০টি জেলা ঘুরলে ম্যাপে দেখাবে ১০/৬৪।

ম্যাপ তৈরির প্রক্রিয়াটিও বেশ সহজ। ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করতে হবে। একসাথে সব জেলা বাছাই করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার নতুন করে হিসেব শুরু করতে চাইলে ‘সব মুছুন’ ব্যবহার করা যাবে।

নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানোর সুযোগও রয়েছে। এর জন্য রয়েছে পাঁচ ধরনের রঙের থিম। চাইলে নিজের নাম ও ছবি যুক্ত করে ম্যাপটিকে আরও ব্যক্তিগত করে নেওয়া যায়। নাম না দিলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

সব জেলা নির্বাচন ও কাস্টমাইজেশন শেষ হলে ম্যাপটি সংরক্ষণ করাও যাবে। ম্যাপের নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করলেই তৈরি হওয়া ভ্রমণচিত্র পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। পরে সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সম্ভব। একই প্ল্যাটফর্মে বিশ্ব ভ্রমণের হিসেব রাখার জন্য ‘বিশ্ব ভ্রমণ ম্যাপ’ তৈরির সুবিধাও রয়েছে।

শুধু ভ্রমণের হিসেব রাখাই নয়, এই প্ল্যাটফর্মে রয়েছে ট্রিপ প্ল্যান করার সুবিধাও। বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ২৪০টির বেশি দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি যাতায়াতের মাধ্যম, সম্ভাব্য থাকা-খাওয়ার খরচ এবং দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি নির্দেশনার তথ্যও পাওয়া যাবে।

ভ্রমণকারীরা নিজেদের সময়, বাজেট এবং ভ্রমণসাথীর সংখ্যা অনুযায়ী কাছাকাছি বিভিন্ন গন্তব্য মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারবেন। ভ্রমণ শেষে আবার শুরুর জায়গায় ফিরতে হবে কি না, সেই বিষয়টিও পরিকল্পনায় নির্ধারণ করা যায়। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সেটি প্রিন্ট কিংবা পিডিএফ আকারে সংরক্ষণ করার সুযোগ থাকায় ভ্রমণের সময় হাতে রাখা যাবে পুরো রুটের পরিকল্পনা।

ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে কুইজ ও ম্যাপ পাজল গেম। এসবের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা, ভূগোল ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়েছে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসেব সংরক্ষণের প্রয়োজন থেকেই তিনি ইন্টারঅ্যাক্টিভ এই প্ল্যাটফর্মটি তৈরি করেন। চালুর পরপরই ভ্রমণপ্রেমীদের মধ্যে এটি সাড়া ফেলেছে।

সাব্বির হোসেন রবিন জানান, প্ল্যাটফর্মটি চালুর পর অল্প সময়ের মধ্যেই হাজারো ব্যবহারকারী এতে প্রবেশ করছেন। ভবিষ্যতে কাস্টম ডোমেইন যুক্ত করার পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে গুগল প্লে স্টোরে এটি প্রকাশের কাজও চলছে।

ফলে দেশের কতটা ঘোরা হলো, কোন জেলা এখনো বাকি কিংবা পরের ভ্রমণের গন্তব্য কোথায় হতে পারে এসবের হিসেব এক জায়গায় রাখার সহজ একটি ডিজিটাল মাধ্যম হয়ে উঠতে পারে এই ভ্রমণ ম্যাপ।