...|...|...

খেলা

বাংলাদেশকে ছাপিয়ে ত্রিদেশীয় সিরিজে ফেভারিট আফগানিস্তান, যা বললেন রহমত শাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৬
Shares
বাংলাদেশকে ছাপিয়ে ত্রিদেশীয় সিরিজে ফেভারিট আফগানিস্তান, যা বললেন রহমত শাহ

রহমত শাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে আত্মবিশ্বাসী আফগানিস্তান। ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের ফেভারিট মনে করছেন দলটির অধিনায়ক রহমত শাহ। তার মতে, পরিচিত কন্ডিশনে খেলার সুযোগ শিরোপার লড়াইয়ে আফগানদের এগিয়ে রাখবে।

শনিবার (১৭ অক্টোবর) শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের আগে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আসন্ন প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ও প্রতিপক্ষদের শক্তিমত্তা নিয়ে কথা বলেন রহমত শাহ। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সমীহ করলেও শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের এগিয়ে রেখেছেন তিনি।

আসন্ন সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আফগান অধিনায়ক। দুই দলের শক্তিশালী স্কোয়াড এবং ব্যাটিং-বোলিংয়ের সামর্থ্যের কথা উল্লেখ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা জানিয়েছেন তিনি।

রহমত শাহ বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’

তবে শিরোপার সম্ভাবনা নিয়ে নিজের দলের ওপরই আস্থা রাখছেন আফগান অধিনায়ক। তার মতে, নিজেদের পরিচিত মাঠ ও পরিবেশে খেলার সুযোগ আফগানিস্তানকে অন্য দুই দলের তুলনায় বাড়তি সুবিধা দেবে।

ফেভারিট দল সম্পর্কে জানতে চাইলে রহমত শাহ বলেন, ‘আমার মনে হয়, আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানে বেশিরভাগ ম্যাচ খেলি। এটি আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল, তবে ঘরের মাঠের সুবিধা বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’

পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে সিরিজের শিরোপা নিজেদের করে নিতে চায় আফগানিস্তান। তবে বাংলাদেশের অভিজ্ঞতা ও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ পর্যন্ত কোন দল ট্রফি জেতে, তা জানতে অপেক্ষা করতে হবে মাঠের লড়াই শেষ হওয়া পর্যন্ত।