...|...|...

সারাদেশ

বর্ণিল আয়োজনে মাগুরায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৬
Shares
বর্ণিল আয়োজনে মাগুরায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

বর্ণিল আয়োজনে মাগুরায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। ছবি: টাইমস টুডে

বর্ণিল আয়োজনে মাগুরায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। রবিবার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের পূজা, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এবারের পূজার মূল আকর্ষণ আকর্ষণীয় দৃষ্টিনন্দন গেট ও বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা। ইতোমধ্যে জেলার বিভিন্ন মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ১০৬টি পূজা মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হবে।

পূজাকে ঘিরে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় জমজমাট প্রস্তুতি চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো- মাগুরা নতুন বাজার ছানা বাবু বটতলা, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম প্রাঙ্গণ, সাহা পাড়া, শহরের জামরুলতলা, পারনান্দুয়ালী বিত্তিপাড়া, সাতদোহা ও তাতি পাড়া।

এসব মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। আলোকসজ্জা, গেট নির্মাণ ও প্রতিমা সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের আয়োজনে এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসবে মেতে উঠবেন। দর্শনার্থীদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ও সুন্দর পরিবেশ।