...|...|...

সারাদেশ

বরিশাল থেকে নিখোঁজ বিচারক কুয়াকাটায় উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৩
Shares
বরিশাল থেকে নিখোঁজ বিচারক কুয়াকাটায় উদ্ধার

নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম। ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদিমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়া হয়েছে।’

শেখ ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় একটি সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিচারক নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করে অনুসন্ধানে নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে রিকশায় করে রওনা হন। ওই দিন তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল আলেকান্দা-আমতলা এলাকায়।