বরগুনায় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন সময়ে জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশাল মিছিল বের করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
গত রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব ঘটনার পর নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ছয়জন, বামনা থেকে একজন এবং বরগুনা সদর থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে গত রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। এ ছাড়া এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা ওসি মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত রাত থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


