...|...|...

বিনোদন

ববিতাকে ঘিরে রুনা লায়লা-শাকিব খানসহ ১২ তারকার মিলনমেলা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, সকাল ১১:০২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১৪
Shares
ববিতাকে ঘিরে রুনা লায়লা-শাকিব খানসহ ১২ তারকার মিলনমেলা

ছবি: টাইমস টুডে কোল্যাবস

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে দর্শকমনে জায়গা করে নিয়েছেন ববিতা। তার জন্মদিন উপলক্ষে এবার বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। ‘ববিতা সমগ্র’ শিরোনামের এই ব্যতিক্রমী আয়োজনে উঠে আসবে তার দীর্ঘ অভিনয়জীবন, স্মৃতি, সাফল্য এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প।

কাকতালীয়ভাবে ৩০ জুলাই যেমন ববিতার জন্মদিন, তেমনি একই দিনে পালিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও। দুই উপলক্ষ মাথায় রেখেই সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় আছেন রুম্মান রশীদ খান। তিনি জানিয়েছেন, এটি চিরাচরিত কোনো সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়, বরং ববিতার জীবন ও চলচ্চিত্রে তার অবদানকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। তার মতে, ভক্তদের জন্য এই অনুষ্ঠান একটি মূল্যবান দলিল হয়ে থাকবে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেখা যাবে সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে। এ ছাড়া থাকছেন অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, আফজাল হোসেন, অভিনেত্রী আনোয়ারা ও জয়া আহসান। ববিতার দুই বোন কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা এবং চিত্রনায়ক শাকিব খানও থাকছেন এই আয়োজনে।

এই বিশেষ অনুষ্ঠান নিয়ে অনুভূতি জানাতে গিয়ে ববিতা বলেন, তাকে ভালোবাসা মানুষদের জন্য ‘ববিতা সমগ্র’ সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে এবং মাছরাঙা টেলিভিশনের এমন উদ্যোগ দেখে তিনি অভিভূত। দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।