পুলিশের পিকআপ ভ্যানের পেছনের পাদানিতে বসে এক যুবক ধারালো চাকু নিয়ে মহড়া দিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবক চাকু ঘুরিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মোটরসাইকেল নিজের বলে দাবি করে অসংলগ্ন কথাবার্তা বলছেন।
হাতে চাকু থাকার কারণে শুরুতে তাকে আটকানো সম্ভব হচ্ছিল না। তবে একপর্যায়ে গাড়ির আড়াল থেকে বেরিয়ে এসে এক পুলিশ সদস্য তাকে জাপটে ধরেন এবং পরে হাতকড়া পরানো হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক ওই যুবকের নাম হযরত আলী (৩১)। তিনি কড়াইল বস্তি এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের ভাষ্যমতে, শনিবার বিকেল ৫টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে হযরত আলী চাকু ঘুরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল নিজের সম্পত্তি বলে দাবি করেন, যদিও বাস্তবে সেটি তার নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই তিনি এমন মিথ্যা দাবি করেছিলেন বলে পুলিশের ধারণা।
এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, হযরত আলীর কাছ থেকে একটি চাকু এবং নগদ প্রায় ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

