শত্রুভাবাপন্ন দেশগুলোর সাথে সংঘাত যদি বছরের পর বছরও গড়ায়, তবুও আগের মতোই তীব্র গতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি।
সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল বেলালি বলেন, বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনী অত্যন্ত শক্তিশালী ও পরিকল্পিতভাবে সামরিক অভিযান পরিচালনা করছে। ইরানের উদ্দেশ্য একটাই—শত্রুকে এ বার্তা দেওয়া যে বিনা প্ররোচনায় হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার দিন চিরতরে শেষ হয়ে গেছে।
অতীতের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি জানান, আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ছিল অত্যন্ত সীমিত এবং ব্যয়বহুল। তখন প্রতিটি ক্ষেপণাস্ত্র মেপে মেপে ছুড়তে হতো।
তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা অবরোধের মধ্যেও পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে ড্রোন, উন্নত ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে স্বাবলম্বী হয়েছে ইরান।
বেলালি আরও হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে শত্রু পক্ষ ছোটখাটো হামলা চালালেও তার বিপরীতে বহু গুণ শক্তিশালী ও জোরালো জবাব দিয়েছে তেহরান। আঘাত করে পার পেয়ে যাওয়ার দিন এখন অতীত; যেকোনো দীর্ঘস্থায়ী সংঘাতেও ইরান সমানে সমানে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।


