...|...|...

সারাদেশ

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের প্রচার ভিত্তিহীন: এমপি মোশারফ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৪০
Shares
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের প্রচার ভিত্তিহীন: এমপি মোশারফ

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের প্রচার ভিত্তিহীন: এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তার দাবি, দলীয় কার্যালয়ে নয়, কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুনের ঘটনা ঘটে।

এমপি মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। সেখানে আমাদের দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নন্দীগ্রামের জনগণ ঐক্যবদ্ধ, এখানে নাশকতার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিতে দেখা যায়। ভিডিওতে সেখানে রাখা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়তে দেখা গেছে। তবে ওই যুবকদের পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি, দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।