ফ্রি-কিকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকার সেই জাদুকরী গোলও ইন্টার মিয়ামিকে এনে দিতে পারেনি জয়। ম্যাচ ড্র হওয়ায় টানা ড্রয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে মেসির দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) রোমাঞ্চকর লড়াইয়ে সান দিয়েগোর বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। ম্যাচে মেসি করেন দলের প্রথম গোল, যা ছিল ক্লাবটির হয়ে তাঁর ১০১তম গোল। অন্যদিকে সান দিয়েগোর হয়ে জোড়া গোল করেন আন্দের্স দ্রেয়ার। মিয়ামির হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। ১২ মিনিটে জেপ্পে টভের্সকভের বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন দ্রেয়ার। তার চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় সফরকারীরা।
এরপর ম্যাচে ফেরে মিয়ামি। ২৪ মিনিটে ডান দিক থেকে পাওয়া ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে দেন মেসি। বলটি বক্সের ভেতর দিয়ে কারও স্পর্শ ছাড়াই দূরের পোস্ট ঘেঁষে জালে প্রবেশ করে। এই গোলটি চলতি মৌসুমে এমএলএসে মেসির ২০তম।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৭৪ মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। মনে হচ্ছিল, শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়বে স্বাগতিকরা।
তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র আট মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে সমতায় ফেরান দ্রেয়ার। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।
এই ড্রয়ে ২৬ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও চার হারে ইন্টার মিয়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৬। এমএলএসে টানা চার ম্যাচ ড্র করা মেসির দল এখন জয়হীনতার বৃত্ত ভাঙার অপেক্ষায়।


