...|...|...

বিশ্ব

ফ্রান্সের পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কড়া বার্তা দিল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০২
Shares
ফ্রান্সের পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কড়া বার্তা দিল রাশিয়া

ছবি: সংগৃহীত

ফ্রান্সের পক্ষ থেকে পরমাণু বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে ইউরোপের আত্মরক্ষা কৌশলের এক ‘ভুল পথ’ বা ডেড এন্ড হিসেবে আখ্যায়িত করেছে ক্রেমলিন। 

বুধবার (৭ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় যে, এই পদক্ষেপটি প্রমাণ করে ইউরোপ রাশিয়াকে কেন্দ্র করে তাদের প্রতিরক্ষা কৌশল সাজাচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির ব্রিটেন উপকূলের কাছে সাবমেরিন থেকে ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেন। সে সময় সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না করে তিনি এটিকে যেখানে পৌঁছানো দরকার, সেখানে জোরালো ও স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন।

রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধ, ইউরোপীয় নিরাপত্তা এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল প্যারিস। অন্যদিকে, নিজেদের এবং কালিনিনগ্রাদ ছিটমহল রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুশিয়ারি সম্প্রতি আবার নবায়ন করেছে রাশিয়া।

এই পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো ফ্রান্সের এই বার্তা বুঝেছে এবং এটি ইউরোপের সামরিকীকরণের প্রতি এক ধরনের আচ্ছন্নতার নিদর্শন মাত্র।

তিনি আরও বলেন, তারা প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে তাদের পরিচয় গড়ে তুলছে রুশ ফেডারেশনের সাথে সংঘাতের ওপর ভিত্তি করে। এটি একটি সম্পূর্ণ ভুল বা অন্ধ গলি। ইতিহাস সাক্ষী, এই পথ ভালো কোনো পরিণতি বয়ে আনে না।

তবে রাশিয়া এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং সংলাপের দরজা খোলা রেখেছে বলেও জানান তিনি। পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি যে কোনো সমস্যার সমাধান প্রদর্শনমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে হওয়া উচিত নয়, বরং তা আলোচনার টেবিলেই হওয়া উচিত।