...|...|...

সারাদেশ

ফ্যাসিবাদ ফিরলে সেই দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০
Shares
ফ্যাসিবাদ ফিরলে সেই দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া।

দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে এর দায় জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিরোধী দলের ভূমিকার সুযোগে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তার দায় এড়ানোর সুযোগ থাকবে না।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে।

বিগত সরকারের সময়ের নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

পরে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ইউনূস সরকারের সময়ও এ খাতে কোনো কাজ হয়নি বলে তাঁর মন্তব্য।

বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের আড়াল করা ও অপমান করার চেষ্টার বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।