...|...|...

রাজনীতি

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, একটি ভাইরাস: শফিকুর রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৬
Shares
ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, একটি ভাইরাস: শফিকুর রহমান

সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য।

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় নয়, বরং এটি একটি ভাইরাস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদের লক্ষণ দৃশ্যমান। জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে দেশে বারবার বিপ্লব ফিরে আসবে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হবেন, তাদের পরিণতিও ৭ নভেম্বরের মতো হতে পারে। রাজনীতিবিদদের অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা বলছে, সেই শিক্ষা যথাযথভাবে গ্রহণ করা হয়নি।

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে একদলীয় শাসন, বিরোধী মত দমন, বিচারবহির্ভূত হত্যা ও গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ করেন। তার দাবি, এসব কর্মকাণ্ডের কারণে জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, যা পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে ভূমিকা রাখে।

তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনায় সিপাহিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পরে সাধারণ মানুষের সমর্থনও পেয়েছিলেন। ইতিহাস মূল্যায়নের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা দলের অবদান অস্বীকার না করে প্রত্যেককে যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের পেছনে জনগণের অধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা কাজ করেছে। রাজনীতিতে আলোচনা, সমঝোতা ও নমনীয়তা না থাকলে তা জনগণের স্বার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।