...|...|...

সারাদেশ

ফেসবুক পোস্টের জেরে বড়লেখায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৫
Shares
ফেসবুক পোস্টের জেরে বড়লেখায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্রি চক্ষু সেবা’ ক্যাম্প নিয়ে যুবদল নেতার ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে।

আহতরা হলেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী। গুরুতর আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সকালে ১৩ জনের নাম উল্লেখ ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন আহত আবুল হোসেন।

জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা না পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শাহবাজপুর বাজারে ফেরার পর উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। যুবদল নেতার পোস্টটি সঠিক নয়। ফ্রি চক্ষু শিবিরে তিন শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ায় মাত্র একজন ফিরে যান। এ ঘটনায় তাদেরও কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।