...|...|...

বিশ্ব

ইসরায়েলের বুথ ফেরত জরিপ

ফের প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু, স্পষ্ট বিজয়ী নয় কোনো জোটই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, রাত ৩:২৭
Shares
ফের প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু, স্পষ্ট বিজয়ী নয় কোনো জোটই

বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে৷ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত৷ ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে এ জরিপে দেখা গেছে। তার নেতৃত্বাধীন লিকুদ পার্টি জোট নেসেটের ১২০ টি আসনের মধ্যে ৫০টি আসন পেতে যাচ্ছে৷ অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বি গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে যাচ্ছে৷ 

বুথফেরত জরিপ তৈরি করা হয় ভোটের আগে ভোটারদের মতামত নিয়ে, ভোটের দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভোটারদের মত নিয়ে৷ তবে এসব জরিপের তথ্য ১০০ শতাংশ মেলে না৷ অনেক সময় বুথফেরত জরিপে যে তথ্য দেওয়া হয়, ভোট গণনার সময় তার উল্টো চিত্রও পাওয়া যেতে পারে৷ তবে বুথফেরত জরিপ থেকে আবার আন্দাজ করা যায় কে কত ভোট পাচ্ছে, কারা ক্ষমতায় আসছে৷

বুথ ফেরত জরিপে কী বলা হয়েছে-

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, নেতানিয়াহু জোট পাবে ৫০টি আসন। অপরদিকে গাদি আইজেনকোতের জোট পাবে ৫৩টি আসন৷

চ্যানেল-১২ বলেছে, নেতানিয়াহুর জোট পাবে ৫০টি আসন৷ আর আইজেনকোত জোট পাবে ৫২টি আসন৷ 

অপরদিকে চ্যানেল-১৩ পাবলিক ব্রডকাস্টার কানের মতো একই তথ্য দিয়েছে৷ তারা বুথফেরত জরিপে বলেছে নেতানিয়াহুর জোট ৫০ আসন, আর আইজেনকোতের জোট পাবে ৫৩ আসন৷ 

চ্যানেল ১২ জানিয়েছে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ সর্বোচ্চ আসন পাবে৷ 

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নেতানিয়াহু প্রস্তুতি নিচ্ছেন একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেলে তিনি প্রেসিডেন্টের কাছে সরকার গঠনের জন্য ম্যানডেট চাইবেন৷ তবে গাদি আইজেনকোতের জোট যেহেতু জোট হিসেবে বেশি আসন পেতে যাচ্ছে তাই তিনি নেতানিয়াহুর এ দাবি মানবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷ এর বদলে তিনি সরকার গঠনের জন্য প্রেসিডেন্টের কাছে ম্যান্ডেট চাইবেন বলে এতে বলা হয়৷

কান ও চ্যানেল-১৩ ও জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে৷ তিনটি প্রতিষ্ঠানই বলেছে লিকুদ ২৪-২৫টি আসন পাবে৷ তবে আরব দলগুলো এবার ১৭ থেকে ১৮টি আসন পেতে যাচ্ছে। যা পরবর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ 

নতুন প্রধানমন্ত্রী কে হবে জানা যাবে কখন?

ইসরায়েলের সংসদের ভোটগ্রহণ হয় সংখ্যানুপাতিক হারে। যা পিআর পদ্ধতি নামে পরিচিত। বাংলাদেশের সর্বশেষ নির্বাচনের আগে এই পিআর পদ্ধতির কথা বেশ উ্চ্চারিত হয়েছিল।

যেহেতু পিআর পদ্ধতিতে ইসরায়েলে নির্বাচন হয় তাই ইসরায়েলিরা কোনো প্রার্থীকে ভোট দেন না। এর বদলে তারা দলকে ভোট দিয়ে থাকেন।

ভোটগ্রহণ যখন শেষ হয় তখন দেখা হয় কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। আর সেটির ওপর ভিত্তি করেই দলগুলোকে পার্লামেন্টে আসন ভাগ করে দেওয়া হয়।

ইসরায়েলি পার্লামেন্টে আসন আছে ১২০টি। যে দল যত ভোট পায় তাদের সেই হিসাব করে আসন দেওয়া হয়। তবে পার্লামেন্টে প্রবেশ করতে চাইলে একটি দলকে অবশ্যই মোট ভোটের সাড়ে ৩ শতাংশ ভোট পেতে হবে।

ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট হওয়ায় এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত ৬১টি আসন পেতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল