...|...|...

বিনোদন

ফুটবল-সংগীতের মেলবন্ধনে ঢাকায় কনসার্ট ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫১
Shares
ফুটবল-সংগীতের মেলবন্ধনে ঢাকায় কনসার্ট ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড

ছবি: সংগৃহীত

ফুটবল আর সংগীতের অনন্য মেলবন্ধনে ঢাকায় আয়োজিত হচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বকাপ মাতানো সাবেক আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া।

একই মঞ্চে সংগীত পরিবেশন করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার- দেশের জনপ্রিয় এই চার ব্যান্ড।

লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্টটি মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হবে। বিশ্বখ্যাত এই ফুটবল তারকার সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত অংশগ্রহণকারী ব্যান্ডগুলো।

চিরকুট তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে দুর্দান্ত খেলা আর্জেন্টাইন সুপারস্টার ক্যানিজিয়া আসছেন ঢাকায়।

তার সেই দৃঢ় সংকল্প আর মাঠ কাঁপানো উপস্থিতির কথা স্মরণ করে ব্যান্ডটি জানিয়েছে, তার জন্য পারফর্ম করতে পেরে তারা রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে উদযাপন করতেই আয়োজন করা হচ্ছে ‘সকারামা’।

অড সিগনেচার শ্রোতাদের উদ্দেশে লিখেছে, সংগীত ও ফুটবলের এই যুগলবন্দিতে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর, আর এই আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হয়ে যোগ দিচ্ছেন ক্যানিজিয়া। এই স্মরণীয় উদযাপনে তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।

আয়োজকদের তথ্যমতে, অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’- তে ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

দর্শকদের জন্য থাকছে তিনটি ক্যাটাগরির টিকিট- সিলভার ২ হাজার টাকা, গোল্ড ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ১০ হাজার টাকা।