...|...|...

খেলা

ফুটবল মাঠে নেমে আর ফেরা হয়নি, ইতিহাসের ৬ মর্মান্তিক ঘটনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৬
Shares
ফুটবল মাঠে নেমে আর ফেরা হয়নি, ইতিহাসের ৬ মর্মান্তিক ঘটনা

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে জয়ের স্বপ্ন নিয়ে নেমে আর ফেরা হয়নি অনেক খেলোয়াড়ের। প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন তারা। সর্বশেষ এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন স্পেনের তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু আবারও আলোচনায় এনেছে মাঠের এমন দুর্ঘটনাগুলো।

গত ২ নভেম্বর স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার বিপক্ষে খেলছিল তেনেরিফ। যোগ করা সময়ে আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোর সাথে সংঘর্ষে গুরুতর আহত হন দে মিগেল। হাসপাতালে নেওয়ার পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফুটবল ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। এর আগে বিভিন্ন সময়ে মাঠে অসুস্থ হয়ে কিংবা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচজনের ঘটনা তুলে ধরা হলো।

মার্ক-ভিভিয়েন ফোয়ে (ক্যামেরুন, ২০০৩)

২০০৩ সালের ২৬ জুন কনফেডারেশনস কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাঠে লুটিয়ে পড়েন ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফোয়ে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। ২৮ বছর বয়সে মারা যান তিনি। তখন ম্যানচেস্টার সিটিতে ধারে খেলছিলেন ফোয়ে।

ক্রিস্তিয়ানো জুনিয়র (ব্রাজিল, ২০০৪)

২০০৪ সালের ৫ ডিসেম্বর ভারতের ফেডারেশন কাপের ফাইনালে ডেম্পোর হয়ে মোহনবাগানের বিপক্ষে দুটি গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিস্তিয়ানো জুনিয়র। দ্বিতীয় গোলের সময় গোলরক্ষক সুব্রত পালের সাথে সংঘর্ষের পর মাঠে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়া হলেও ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়।  ময়নাতদন্তে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকে মৃত্যুর কারণ বলা হয়।

আন্তোনিও পুয়ের্তা (স্পেন, ২০০৭)

২০০৭ সালের ২৫ আগস্ট গেতাফের বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠে পড়ে যান সেভিয়ার ডিফেন্ডার আন্তোনিও পুয়ের্তা। প্রাথমিকভাবে সুস্থ হয়ে ড্রেসিংরুমে গেলেও সেখানে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ আগস্ট মাত্র ২২ বছর বয়সে মারা যান এই স্প্যানিশ ফুটবলার।

ফিল ও'ডনেল (স্কটল্যান্ড, ২০০৭)

২০০৭ সালের ২৯ ডিসেম্বর ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে অসুস্থ হয়ে মাঠে পড়ে যান মাদারওয়েলের অধিনায়ক ফিল ও'ডনেল। বদলি হওয়ার প্রস্তুতির মধ্যেই ঘটে এ ঘটনা। হাসপাতালে নেওয়ার পর ৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের সমস্যায় প্রাণ হারান এই মিডফিল্ডার।

হুয়ান ইসকিয়েরদো (উরুগুয়ে, ২০২৪)

২০২৪ সালের ২২ আগস্ট কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে সাও পাওলোর বিপক্ষে খেলতে গিয়ে মাঠে লুটিয়ে পড়েন উরুগুয়ের নাসিওনালের ডিফেন্ডার হুয়ান ইসকিয়েরদো। হৃদ্‌যন্ত্রের জটিলতা ও পরবর্তী শারীরিক সমস্যায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৭ আগস্ট ২৭ বছর বয়সে মারা যান তিনি। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন এই ফুটবলার।