...|...|...

খেলা

ফুটবলের জাদুকর ম্যারাডোনার বিদায়ের ছয় বছর আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
ফুটবলের জাদুকর ম্যারাডোনার বিদায়ের ছয় বছর আজ

দিয়েগো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা দিয়েগো ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। মাঠের অসাধারণ নৈপুণ্য, নেতৃত্ব আর অবিস্মরণীয় সব কীর্তিতে ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজও জায়গা করে আছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই কিংবদন্তি। মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও তার ফুটবলীয় জাদু এখনো সমানভাবে স্মরণীয়।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। তার মৃত্যুতে বিশ্ব ফুটবলে নেমে এসেছিল শোকের ছায়া। সময়ের ব্যবধানে সেই শোক কিছুটা ফিকে হলেও ফুটবল ইতিহাসে তার অবদান রয়ে গেছে অমলিন।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের উপকণ্ঠের ভিলা ফিওরিতোতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। মাত্র আট বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দল ‘লস সেবোলিতাসে’ যোগ দেন তিনি।

এরপর মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এক বছর পরই জায়গা করে নেন আর্জেন্টিনার জাতীয় দলে। প্রতিভা, গতি, বল নিয়ন্ত্রণ ও অসাধারণ ড্রিবলিংয়ের কারণে অল্প সময়েই বিশ্ব ফুটবলে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

ক্লাব ফুটবলে আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন ম্যারাডোনা। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ।

সেবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত, আর দ্বিতীয়টি পেয়েছে ‘গোল অব দ্য সেঞ্চুরি’র স্বীকৃতি।

ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন এই কিংবদন্তি। ইতালির ক্লাব নাপোলির হয়ে তার সময়টাকে বিশেষভাবে স্মরণ করা হয়। তার নেতৃত্বে ১৯৮৭ ও ১৯৯০ সালে প্রথমবারের মতো সিরি আ শিরোপা জেতে নাপোলি। ক্লাবটির ইতিহাসে ম্যারাডোনা আজও এক অবিস্মরণীয় নাম।