...|...|...

জাতীয়

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ সমর্থনের কথা জানান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।

একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ এর আওতায় গৃহীত ব্যবস্থাগুলোর দ্রুত বাস্তবায়ন, স্পষ্ট জবাবদিহিতা এবং ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র ম্যান্ডেট সুরক্ষা ও এর টেকসই অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতি পরিবর্তন রোধের পাশাপাশি বসতি সম্প্রসারণ বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। সেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৈঠকটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়া এবং আগামী সময়ের জন্য বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিয়ে আলোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।