...|...|...

খেলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগালসহ বাংলাদেশের প্রতিপক্ষ যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৯
Shares
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগালসহ বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা। ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছায় বাংলাদেশ দল। বর্তমানে বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা সুস্থ আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম অনুশীলন করার কথা রয়েছে তাদের।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজনের দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ এই টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচে ২০ মিনিট করে দুই অর্ধ থাকবে।

ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ফলে অল্প সময়ের মধ্যে একাধিক ম্যাচে মাঠে নামতে হবে তরুণ ফুটবলারদের।

আজারবাইজানের বাকুতে হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ম্যাচগুলো। প্রতিযোগিতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।