...|...|...

খেলা

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩০
Shares
ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফলে শিরোপার দৌড়ে টিকে থাকতে এবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল।

কাতারের দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টারসের অষ্টম আসরের সেমিফাইনাল শুরু হবে ২৬ নভেম্বর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নেপালকে হারিয়ে পাকিস্তান ‘এ’ দল শেষ চারে জায়গা নিশ্চিত করার পর দুই সেমিফাইনালের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত হয়েছে।

নেপালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল। জবাবে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ৭২ রানে অলআউট হয় নেপাল। এতে ৯৬ রানের বড় জয় নিয়ে সেমিফাইনালের টিকিট পায় পাকিস্তান।

আগামী ২৭ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ফাইনালে জায়গা করে নিতে দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই।

এর আগে ২৬ নভেম্বর একই মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে।