...|...|...

রাজধানী

ফজরের নামাজ শেষে যাওয়ার পথে ছুরি ঠেকিয়ে ঢাবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০৬
Shares
ফজরের নামাজ শেষে যাওয়ার পথে ছুরি ঠেকিয়ে ঢাবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

ঢাবি শিক্ষার্থী জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা পার্কের সামনে ধারালো অস্ত্রের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ (২৮ সেপ্টেম্বর) ফজরের নামাজ শেষে শাহবাগ থেকে কমলাপুর যাওয়ার পথে রিকশা থামিয়ে এ ছিনতাই সংঘটিত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

পোস্টে তিনি জানান, আজ (২৮ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়ে শাহবাগ মোড় থেকে রিকশায় করে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। রিকশাটি কিছুটা সামনে এগোতেই রমনা পার্কের সামনে রাস্তার পাশ থেকে দুই যুবক ধারালো ছুরি নিয়ে তার দিকে ধেয়ে আসে।

জাহাঙ্গীর আলম লিখেছেন, ওই সময় রিকশা থামিয়ে প্রথমে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তার পকেটও তল্লাশি করে ছিনতাইকারীরা। পরিস্থিতিতে তিনি জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন বলে জানান।

ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বাংলাদেশের পুলিশ প্রশাসন এতোই উন্নত যে, থানার পাশেই সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে উঠে।’

ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও লেখেন, ‘তখন আমার কাছে মনে হয়েছে এদের হাত থেকে সবকিছু দিয়ে হলেও জীবন বাঁচায়।’

পোস্টে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে জাহাঙ্গীর আলম লেখেন, ‘এই হলো জীবনের নিরাপত্তা! এই হলো সোনার বাংলাদেশ!’