...|...|...

ধর্ম

নামাজে চোখ বন্ধ রাখা কি ঠিক? যা বলছেন আলেমরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
নামাজে চোখ বন্ধ রাখা কি ঠিক? যা বলছেন আলেমরা

ছবি: সংগৃহীত

নামাজে পূর্ণ মনোযোগ ও বিনম্রতা (খুশু-খুজু) বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা নামাজের মূল প্রাণ হিসেবে বিবেচিত। সালাতে একাগ্রতা আনতে গিয়ে অনেক মুসল্লিই চোখ বন্ধ করে নামাজ আদায় করে থাকেন। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে নামাজে চোখ খোলা রাখা নাকি বন্ধ রাখা অধিক উত্তম—এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

ফিকাহশাস্ত্রের মূলনীতি অনুসারে, নামাজে চোখ খোলা রাখাই উত্তম। নামাজে চোখ খোলা রাখা হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নতও। কারণ, তিনি নামাজের সময় সেজদার স্থানের দিকে দৃষ্টি রাখতেন। (সুনানে বায়হাকি, হাদিস: ৩০৮০)

যদি মুসল্লি চোখ খোলা রেখেও তার একাগ্রতা ও মনোযোগ পুরোপুরি ধরে রাখতে পারেন, তাহলে এই অবস্থায় সবচেয়ে উত্তম।

অধিকাংশ আলেম চোখ খোলা রাখাকে পছন্দনীয় আমল বলেছেন। কারণ এটি নবীজির আমল। ইবরাহিম নাখয়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি দৃষ্টি সেজদার স্থান অতিক্রম করে না যাওয়া পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ৬৫৬৩)

মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত, তিনি নামাজে চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ৬৫৬৫)

মুসল্লির পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে চোখ বন্ধ করা শুধু জায়েজ নয়, বরং উত্তম হওয়ার কাছাকাছি চলে আসে।

নামাজে চোখ বন্ধ করে রাখলে যদি মুসল্লির মন বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা পায়, তার দুশ্চিন্তা দূর হয় এবং নামাজে তাড়াতাড়ি আল্লাহর প্রতি মনোনিবেশ করতে সহায়ক হয়, তবে তিনি চোখ বন্ধ করে রাখতে পারেন। এই অবস্থায় তার জন্য চোখ বন্ধ করা অধিক উপযোগী।

নামাজ আদায়ের স্থানে যদি এমন কোনো জিনিস, নকশা, ছবি কারুকার্য থাকে, যা মুসল্লি মনোযোগে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে চোখ বন্ধ করে নামাজ আদায় করা মাকরুহ নয়, বরং এটি পছন্দনীয় হতে পারে। কিন্তু নিয়মিত চোখ বন্ধ রেখে নামাজ পড়া মাকরুহ। (আলবাহরুর রায়েক, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৫; আদ্দুররুল মুখতার, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬৪৫)

ইমাম ইবনুল কাইয়ুম জাওজি (রহ.) বলেন, যদি চোখ খোলা রাখলে খুশুতে ব্যাঘাত ঘটে, তবে এমন অবস্থায় চোখ বন্ধ করা অপছন্দনীয় বলার কোনো প্রশ্নই ওঠে না। (আল-হাদি আল-নাবাওয়ি, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩০৫)

মূলকথা, নামাজে চোখ খোলা রাখা এবং সেজদার স্থানের দিকে তাকানো সুন্নাহ ও উত্তম। তবে যদি চোখ খোলা রাখার কারণে খুশু বা মনোযোগে বিঘ্ন ঘটে, চোখ বন্ধ রাখলে খুশু-খুজু পাওয়া যায়, তাহলে বন্ধ রাখাই উত্তম।