অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শনিবার (৩ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানের পর এসব ব্যক্তিকে বহিষ্কার করা হয়।
এই সাত দিনে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৭১৯ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৩২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৯ জনকে শনাক্ত করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
মন্ত্রণালয় সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, সন্দেহজনক কোনো আইন লঙ্ঘনের ঘটনা দেখলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে জানাতে।


