...|...|...

শিক্ষা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫২
Shares
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। এছাড়া যোগদানের পর তাদের যথানিয়মে পদায়ন এবং পরবর্তীতে প্রশিক্ষণে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত শনিবার মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন, আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান করানো হতে পারে। তবে সবশেষ নির্দেশনা অনুযায়ী সেই তারিখ এগিয়ে এনে ১ অক্টোবর নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। পরবর্তীতে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাই সম্পন্ন হলেও পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়ায় নিয়োগ প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ ও পদায়নের দাবিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নানা কর্মসূচিও পালন করেছিলেন।