দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) নিলুফা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ (সিইনএড/ডিপিএড/বিটিপিটি) সম্পন্ন করেননি, তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পৃথক ছক নির্ধারণ করে দিয়েছে অধিদফতর। এতে শিক্ষকের নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও উপজেলা, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষক মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন কি না এবং প্রশিক্ষণ না নিয়ে থাকলে তার কারণও ছকে জানাতে হবে।
নির্ধারিত ছক অনুযায়ী সংগৃহীত সব তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্ধারিত মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


