প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারি সেবায় নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে সরকার। প্রবাসী কার্ডধারীরা শিগগিরই বিমান টিকিট, বিমানবন্দরের লাউঞ্জসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণ কার্যক্রমে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আফরোজা খানম বলেন, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রাধান্যভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র তুলে ধরা হয়েছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধীনস্থ সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের আশা, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও ভ্রমণসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা নিশ্চিত হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।


