...|...|...

বিনোদন

প্রবাসীদের সুখ-দুঃখের গল্প নিয়ে ইভা-আরমানের নতুন গান ‘প্রবাসী’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৪
Shares
প্রবাসীদের সুখ-দুঃখের গল্প নিয়ে ইভা-আরমানের নতুন গান ‘প্রবাসী’

ছবি: সংগৃহীত

২৩ বছরের সংগীতজীবনে দেশাত্মবোধক গান, চলচ্চিত্রে প্লেব্যাক ও নানা অর্জনের পর এবার প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ইভা আরমান।

‘The Elegance of Music’ বা সংগীতের আভিজাত্য-এই পরিচয়ে সংগীতাঙ্গনে পরিচিত কণ্ঠশিল্পী ইভা আরমান। দীর্ঘ ২৩ বছরের সংগীতজীবনে দেশাত্মবোধক, আধুনিক ও চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার প্রবাসীদের সুখ-দুঃখ, আবেগ ও জীবনসংগ্রামের গল্প নিয়ে ‘প্রবাসী’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন এই শিল্পী।

২০০৪ সালে ‘মনের ছোট্ট ঘরে’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতজীবন শুরু করেন ইভা আরমান। এ পর্যন্ত তাঁর ২৪টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। সংগীতজীবনে গেয়েছেন অসংখ্য দেশাত্মবোধক গান। এর মধ্যে ‘মুগ্ধ চোখে দেখে যাই তোমাকে’, ‘মাগো যুগে যুগে এই মাটির বুকে’, ‘হাজার নদীর মিলনমেলা’, ‘বাবা যুদ্ধে গেছে একাত্তরে’ এবং ‘কোথায় এমন হয়েছে লেখা, ভাষার জন্য ইতিহাস’ উল্লেখযোগ্য।

এ ছাড়া অসংখ্য চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের কলকাতা থেকে ‘বেস্ট সিঙ্গার’ বিভাগে ‘কলাকার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে আরও একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই শিল্পী।

এবারের নতুন গান ‘প্রবাসী’ তাঁর সংগীতজীবনে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। গানটির কথা ও সুর করেছেন ইভা আরমান নিজেই। সংগীতায়োজনে রয়েছেন এম.এম.পি রনি এবং পরিচালনায় মারুফ রহমান। গানটির দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

গানটি প্রসঙ্গে ইভা আরমান জানান, প্রবাসী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই গানটি উৎসর্গ করেছেন তিনি। প্রবাসজীবনের ছোট ছোট আনন্দ, স্বপ্ন, বিচ্ছেদ, কষ্ট ও প্রতিদিনের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন এতে।

আধুনিক মেলোডি ধাঁচের গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান এই শিল্পী। এর আগে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ইস্ক দেওয়া’ শিরোনামের একটি অ্যালবামে যৌথভাবে গান প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি উর্দু ভাষায়ও একক গানের অ্যালবাম রয়েছে তাঁর।

দীর্ঘ সংগীতজীবনে সুস্থ ধারার সংগীতচর্চাকে প্রাধান্য দিয়ে আসা ইভা আরমানের প্রত্যাশা, নতুন গান ‘প্রবাসী’ প্রবাসে থাকা বাঙালিদের হৃদয়ে জায়গা করে নেবে। দেশের বাইরে থেকেও যারা পরিবার, প্রিয়জন ও শেকড়ের টানে বেঁচে থাকেন, তাঁদের অনুভূতির সঙ্গে গানটি সেতুবন্ধ তৈরি করবে বলে আশাবাদী এই সংগীতশিল্পী।