প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিন আদেশের পর বুধবার (১৮ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরে নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিফাতের জামিন চেয়ে এর আগে দুই দফা আবেদন করা হলেও তা নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করেন।
পরে তার আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারামুক্ত হন সিফাত।
এদিকে সিফাতের আইনজীবীদের দাবি, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার কোনো মন্তব্যের উল্লেখ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে পুরোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।


