সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন এবং সবসময় তাদের আগামীর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। আজ নিজের জন্মদিনেও তিনি শিশুদের উপহার দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর এই ভালোবাসা ও উদ্যোগে অনুপ্রাণিত হয়েই আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।’
এ সময় চবি ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান ও আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা জোগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

