...|...|...

রাজধানী

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্প থেকে সোয়া কোটি টাকা ছিনতাই

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, রাত ১২:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্প থেকে সোয়া কোটি টাকা ছিনতাই

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্প থেকে সোয়া কোটি টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পাম্পের এক কর্মচারীকে কুপিয়ে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ ঘটনা ঘটে।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।

মামলার এজাহারে আব্দুল করিম জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। ওই ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন রবিবার সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। পরে রুটিন কাজের অংশ হিসেবে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে সাথে নিয়ে ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা একটি ব্যাগে করে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।

তারা পাম্প থেকে বের হয়ে বিমানবন্দর সড়কে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে মোটরসাইকেল থেকে নেমে তারা তাদের কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, সোমবার (১০ আগস্ট) এ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানায় পাম্পের ম্যানেজার মো. আব্দুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হাতে থাকা অস্ত্র দেখিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

পরে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত হাতে থাকা চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সহকারী ম্যানেজার আল আমিনকে টাকার ব্যাগটি দিতে বলে। আল আমিন ব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তাকে কুপিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ওসি কামরুল হাসান আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।