...|...|...

বিশ্ব

প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল নিয়ে অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বলল ভারতীয় মিডিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৯
Shares
প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল নিয়ে অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বলল ভারতীয় মিডিয়া

ছবি: সংগৃহীত

হাতে পিস্তল ও মাইক নিয়ে রাজধানীর একটি বস্তির মাদক আস্তানায় আকস্মিক অভিযান চালিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সাদা পোশাকে থাকা সহযোগীদের নিয়ে চালানো এই অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) ৩৯ বছর বয়সি প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ আপলোড করেন। ওই ভিডিওতে তাকে একটি গাড়ি থেকে নেমে এক হাতে মাইক এবং অন্য হাতে পিস্তল নিয়ে একদল মানুষের পিছু ধাওয়া করতে দেখা যায়। এ সময় তার অন্তত একজন সহযোগীর হাতেও হ্যান্ডগান দেখা যায়।

রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাছের একটি বস্তিতে ধারণ করা ওই ভিডিও ফুটেজে প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, তোমরা পুরো শহর নষ্ট করছ, পুরো এলাকা ধ্বংস করছ।

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য এবং গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ওই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইশরাক হোসেন ওই অভিযানে কয়েকজনকে আটক করেন। এ সময় আটককৃতদের কেউ কেউ নিজেদের নির্দোষ দাবি করলে তাকে বলতে শোনা যায়, পুলিশ আসুক, তারপর কথা হবে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় থানা কিংবা প্রশাসনকে কোনো ধরনের পূর্বানুমতি বা তথ্য না দিয়েই মন্ত্রী এই অভিযান পরিচালনা করেন এবং ছয়-সাতজনকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মন্ত্রী মহোদয় অভিযান সম্পর্কে আমাদের আগে জানাননি; আমরা বিষয়টি পরে জানতে পেরেছি।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, তারা ছয়জনকে আটক করে মাদকসেবী বলে দাবি করেছিলেন, তাই আমরা গিয়ে তাদের থানায় নিয়ে আসি। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে কিছু পাউডার জাতীয় পদার্থ পাওয়া গেছে, যা মাদক কি না তা নিশ্চিত করতে পরীক্ষা করা হবে।

এদিকে, অভিযানের পরদিন সন্ধ্যায় ইশরাক হোসেন ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখেন, ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারবারিদের পুলিশের হাতে সোপর্দ করা হলো। তবে মন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড আইনসম্মত ও সমীচীন কি না—তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠার পর ভিডিওটি পরবর্তীতে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয়।

প্রতিবেদনে বলা হয়, এর আগেও ইশরাক হোসেন তার সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে এমন মাদকবিরোধী অভিযান চালিয়েছিলেন এবং এলাকাটিকে মাদকমুক্ত করতে এই প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। এদিকে প্রকাশিত ভিডিওটির বেশিরভাগ অংশে মন্ত্রীর হাতের পিস্তলটি ব্লার বা ঝাপসা করে দেওয়া হলেও, কিছু অংশে তা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।