...|...|...

খেলা

প্রতিপক্ষের ঘুষিতে নকআউট, তিন মাস পর মৃত্যু আইরিশ বক্সারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৮
Shares
প্রতিপক্ষের ঘুষিতে নকআউট, তিন মাস পর মৃত্যু আইরিশ বক্সারের

লি রিভস (বামে) ও গ্যারি কালি। ছবি: সংগৃহীত

আইরিশ বক্সার লি রিভস মারা গেছেন। ৩১ বছর বয়সী এই বক্সার গত আগস্টে ডাবলিনে গ্যারি কালির বিপক্ষে জুনিয়র ওয়েল্টারওয়েট বিভাগের লড়াইয়ে নকআউট হয়ে গুরুতর আহত হয়েছিলেন। অস্ত্রোপচারের পর থেকে কৃত্রিম কোমায় থাকা রিভসের মৃত্যু হয়েছে সোমবার (১৬ নভেম্বর)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বক্সিং প্রমোশন প্রতিষ্ঠান কুইন্সবেরি। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, রিভসের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন বক্সার। পাশাপাশি নিজ সম্প্রদায়ের মানুষের কাছে ছিলেন আদর্শ ও অনুপ্রেরণার উৎস।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে ডাবলিনে গ্যারি কালির কাছে নকআউট হওয়ার পর রিভসের অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে কৃত্রিম কোমায় ছিলেন তিনি। সপ্তাহান্তে সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়।

পেশাদার ক্যারিয়ারে ১৮টি লড়াইয়ের মধ্যে ১৬টিতে জয় পেয়েছিলেন রিভস। এর মধ্যে ১১টি জয় আসে নকআউটের মাধ্যমে। বক্সিং অঙ্গনে ‘এল চ্যাম্পো’ নামে পরিচিত ছিলেন তিনি।

রিভসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার প্রতিপক্ষ গ্যারি কালি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘লি ছিলেন একজন প্রাণবন্ত মানুষ এবং ভদ্রলোক।’

কালি আরও লেখেন, ‘গত আগস্টে আমরা একই রিংয়ে লড়েছি। তবে আমাদের পরিচয় বহু বছরের। আমার এখনো মনে আছে, স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লির লড়াই দেখতাম। সে আমার চেয়ে এক ওজন শ্রেণিতে ওপরে লড়ত। তার লড়াই এবং আকর্ষণীয় পোশাক সব সময় আমাকে মুগ্ধ করত।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে সব সময় ভালোবাসা ও সম্মান ছিল, চ্যাম্প। এটা লিখতে হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থেকো ভাই।’

আইরিশ সংবাদমাধ্যমগুলোতেও রিভসকে নিয়ে শোকবার্তা প্রকাশিত হয়েছে। তার বোন জেসিকা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অন্য পারে তোমার সাথে দেখা হবে, আমার ভাই। বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তোমাকে অন্তহীন ভালোবাসি, এল চ্যাম্পো।’

গত পাঁচ বছর রিভসের কোচ ছিলেন ডি ওয়ালশ। তার শেষ লড়াইয়েও রিংয়ের পাশে ছিলেন তিনি। আইরিশ সংবাদমাধ্যম Extra.ie-কে দেওয়া এক আবেগঘন বার্তায় ওয়ালশ বলেন, ‘তোমার সাথে শেষ কথা বলা মানুষটি ছিলাম আমি।’

তিনি আরও লেখেন, ‘আরেকটু শক্ত হও, আরও একটি রাউন্ড লড়ো, তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। কী বলা উচিত ছিল, কী বললে পরিণতি বদলাতে পারত এসব নিয়ে লাখো চিন্তা আমার মাথায় ঘুরছে।’

ওয়ালশ আরও বলেন, ‘তুমি সত্যিই আমাদের গর্বিত করেছ। রিংয়ের ভেতরে ও বাইরে তুমি যে লড়াই করেছ, তা অসাধারণ। পাঁচ বছর তোমার কোচ হওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বাসই করতে পারছি না তুমি আর নেই।’

সবশেষে তিনি লেখেন, ‘আমি একজন বক্সার, একজন বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভাইকে হারিয়েছি। অন্যরা যখন দূরে সরে গিয়েছিল, তখন তুমি আমার পাশে ছিলে। এ কারণেই তোমাকে হারানোর কষ্ট আরও বেশি।’