দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত হয়েছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জোলানি তেতে। ৩৮ বছর বয়সী এই বক্সার একসময় WBF ফ্লাইওয়েট ও WBO ব্যান্টামওয়েট বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি তথ্য অনুযায়ী নিজের বাড়ির কাছে গাড়িতে থাকা অবস্থায় তেতেকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়িতে থাকা ২৭ বছর বয়সী এক নারীও একাধিক গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ব কেপ প্রদেশের এমডান্টসেন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাড়িতে প্রবেশের জন্য গেট খোলার অপেক্ষায় ছিলেন তেতে। এ সময় বালাক্লাভা পরা দুই সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়।
২০১৪ সালে জাপানে তেইরু কিনোশিতাকে পয়েন্টে হারিয়ে ক্যারিয়ারের বড় সাফল্য পান তেতে। ওই জয়ের মাধ্যমে তিনি IBF জুনিয়র ব্যান্টামওয়েট বিশ্ব শিরোপা জেতেন। পরে WBO এর অন্তর্বর্তী শিরোপাও নিজের করে নেন এবং স্বীকৃত বিশ্বচ্যাম্পিয়ন হন।
২০১৭ সালে সিবোনিসো গোনিয়ার বিপক্ষে বিশ্ব শিরোপার লড়াইয়ে মাত্র ১১ সেকেন্ডে জয় পান তেতে। প্রতিপক্ষকে প্রথম ঘুষিতেই নকআউট করে বিশ্ব শিরোপার লড়াইয়ে দ্রুততম নকআউটের অন্যতম রেকর্ড গড়েছিলেন তিনি।
পেশাদার ক্যারিয়ারে ২৯টি জয় পেয়েছেন তেতে, যার মধ্যে ২২টিই নকআউটে। হেরেছেন চারটি লড়াইয়ে এবং একটি ম্যাচের ফলাফল হয়েছিল ‘নো কনটেস্ট’।
২০২২ সালের জুলাইয়ে লন্ডনের ওয়েম্বলি অ্যারেনায় ব্রিটিশ বক্সার জেসন কানিংহামকে হারিয়ে সর্বশেষ রিংয়ে নামেন তেতে। পরে স্ট্যানোজোলল ব্যবহারের পরীক্ষায় পজিটিভ হওয়ায় সেই লড়াইয়ের ফল বাতিল করা হয় এবং তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষিদ্ধ পদার্থটি ইচ্ছাকৃতভাবে গ্রহণের অভিযোগ অবশ্য তেতে বরাবরই অস্বীকার করে আসছিলেন।
চলতি বছরের জুলাইয়ে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। এরপর আবারও রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন। তবে প্রত্যাবর্তনের আগেই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।


