...|...|...

জাতীয়

পোশাক শ্রমিকদের নতুন মজুরির অপেক্ষা আরও বাড়ল, স্থগিত তৃতীয় সভা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৬
Shares
পোশাক শ্রমিকদের নতুন মজুরির অপেক্ষা আরও বাড়ল, স্থগিত তৃতীয় সভা

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের এই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদফতরে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে বৈঠকের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

নির্ধারিত এ সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনও পিছিয়ে গেল।

এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

সেই সময় অনুযায়ী সোমবারের তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে সভা স্থগিত হওয়ায় নতুন মজুরি কাঠামো নিয়ে পরবর্তী আলোচনা এখন নতুন তারিখের অপেক্ষায়।