দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডের শ্রমিকেরা পাবেন ২১ হাজার ৫০০ টাকা। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে টানা দীর্ঘ বৈঠক শেষে দিবাগত রাত ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ বিষয়ে বুধবারও মজুরি বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা। এ গ্রেডে রয়েছেন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টরা। তৃতীয় গ্রেডের শ্রমিকেরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা। এ গ্রেডে রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা।
দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; বিশেষায়িত কাজের সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররা।
অন্যদিকে, প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা। এ গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটররা।
বোর্ড চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছেছে। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। এতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন বোর্ডের চার সদস্য। বাকি দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
তিনি আরও জানান, যেসব শ্রমিক ইতোমধ্যে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতনও অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে কারখানাগুলোর সক্ষমতা থাকলে এর চেয়ে বেশি বেতন দিতে পারবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বৈঠক সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা শেষ পর্যায়ে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের সদস্যদের ভোটে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
এর আগে সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ড চেয়ারম্যান। এরপর নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে আলোচনা চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, বিগত দিনে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’র আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি। অতীতে আমরা আন্দোলন দমনে বুলেটের ব্যবহার দেখেছি, এবার তার ব্যতিক্রম ছিল। শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করার পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ অন্য কারো স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনও অসন্তোষ নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পরও কোনো সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বাবুল আখতার জানান, আন্দোলনের সাথে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কাউকে হয়রানি না করতে মজুরি বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।


