নতুন পে–স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা যেন শেষই হচ্ছে না। কবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তা নিয়ে প্রতিদিনই নতুন খবর, নতুন জল্পনা। আর এই অনিশ্চয়তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার গান‘তুমি আমার জীবন’।
রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটি ব্যবহৃত হয়েছিল মোস্তফা আনোয়ার পরিচালিত অবুঝ হৃদয় সিনেমায়। জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো গানটির একটি অংশে রয়েছে ‘কেউ জানে না’-পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সাথে যে কথাগুলো মিলে গেছে বলেই মজা করে গানটি শেয়ার করছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখছেন, নতুন পে-স্কেল কবে চূড়ান্ত হবে তা যেমন কেউ জানেন না, তেমনি প্রতিদিন নতুন নতুন খবরও সামনে আসছে। আর সেই পরিস্থিতির সাথে গানের ‘কেউ জানে না’ কথাটিই যেন সবচেয়ে বেশি মানানসই হয়ে উঠেছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এই গানটি এখন নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায়। ইউটিউবে গানটির একটি ভিডিও ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। পুরোনো সেই গানের কয়েক সেকেন্ডের দৃশ্যই এখন পে–স্কেল প্রসঙ্গে নতুন করে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
পে–স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে আসবে-এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তাই ‘কেউ জানে না’ কথাটিই যেন হয়ে উঠেছে চলমান আলোচনার সবচেয়ে উপযুক্ত জবাব।


