ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৪টি গোল। তবে গোলের পাশাপাশি পেনাল্টি পরিসংখ্যানেও আলোচনায় এসেছেন পর্তুগিজ মহাতারকা। ক্যারিয়ারে লিওনেল মেসির চেয়ে অনেক বেশি পেনাল্টি নিয়েও গোলের সংখ্যায় এগিয়ে থাকলেও মিসের হিসাবেও শীর্ষে রোনালদো।
শুক্রবার (২০ নভেম্বর) সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে রোনালদোর দল আল নাসর। ম্যাচের ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। তবে চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। শট নেওয়ার আগে নেইমারের মতো থেমে গিয়ে বল মারলেও তা গিয়ে লাগে বাঁ পাশের পোস্টে।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এটিই ছিল রোনালদোর প্রথম গোল। তবে চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি মিসের অভিজ্ঞতা হলো তার। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯৮৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
পেনাল্টি নেওয়ায় এগিয়ে রোনালদো
পেনাল্টি নেওয়ার সংখ্যায় মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩৪টি পেনাল্টি নিয়েছেন পর্তুগিজ তারকা। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা মেসির পেনাল্টি নেওয়ার সংখ্যা ১৬৩। রোনালদো দীর্ঘ সময় ধরে নিজের দলের প্রধান পেনাল্টি শুটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেসির ক্ষেত্রে দায়িত্বটি সব সময় এককভাবে তার হাতে ছিল না।
পেনাল্টি মিসেও রোনালদো এগিয়ে
পেনাল্টি থেকে গোলের সংখ্যায়ও রোনালদো এগিয়ে। ২৩৪টি শট থেকে ১৯৪ গোল করেছেন তিনি। সাফল্যের হার ৮২ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে ১৬৩টি পেনাল্টি থেকে মেসির গোল ১২৬টি। তার সাফল্যের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ।
তবে পেনাল্টি মিসের সংখ্যায়ও এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে ৪০টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। মেসির মিসের সংখ্যা ৩৭।
শুটআউটেও দুজনের সাফল্য
ম্যাচের নির্ধারিত সময়ে মেসি ১৫০টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে গোল করেছেন ১১৫টিতে। পেনাল্টি শুটআউটেও তার রেকর্ড ভালো। সেখানে ১৩টি শট নিয়ে ১১টিতে গোল করেছেন আর্জেন্টাইন তারকা। শুটআউটে দলের প্রথম শট নেওয়ার দায়িত্বও প্রায়ই পালন করেছেন তিনি। ২০০৭ সালে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম পেনাল্টি শট নিয়েছিলেন মেসি।
অন্যদিকে রোনালদোর পেনাল্টি সাফল্যও উল্লেখযোগ্য। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছন্দপতনের আগে টানা ২৪টি পেনাল্টিতে গোল করেছিলেন তিনি। তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সফল ধারাবাহিকতা ছিল ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে। ওই সময়ে টানা ২৬টি পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে পেনাল্টির হিসাব
সৌদি আরবে যাওয়ার পর আল নাসরের হয়ে ৪১টি পেনাল্টি নিয়েছেন রোনালদো। এর মধ্যে গোল করেছেন ৩৫টিতে। ম্যাচের নির্ধারিত সময়ে নেওয়া ৩৮টি পেনাল্টির মধ্যে ৩২টিতে গোল পেয়েছেন তিনি। পেনাল্টি শুটআউটে নেওয়া তিনটি শটের সব কটিতেই সফল হয়েছেন।
অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে ১০টি পেনাল্টি নিয়ে আটটিতে গোল করেছেন মেসি। নির্ধারিত সময়ে সাতটি পেনাল্টির মধ্যে পাঁচটিতে গোল করেছেন তিনি। শুটআউটে নেওয়া তিনটি শটের সব কটিই জালে পাঠিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
একদিকে ১ হাজার গোলের মাইলফলকের হাতছানি, অন্যদিকে পেনাল্টির পরিসংখ্যানে দুই মহাতারকার তুলনা ৪১ বছর বয়সেও রোনালদোকে ঘিরে ফুটবলবিশ্বের আগ্রহ যে কমেনি, সাম্প্রতিক ম্যাচই তার প্রমাণ।



