...|...|...

বিশ্ব

পেঙ্গুইন গুনলেই মাসে সাড়ে ৩ লাখ টাকা বেতন, থাকা-খাওয়াও বিনামূল্যে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৪
Shares
পেঙ্গুইন গুনলেই মাসে সাড়ে ৩ লাখ টাকা বেতন, থাকা-খাওয়াও বিনামূল্যে

ছবি: সংগৃহীত

চাকরির কাজ পেঙ্গুইন গণনা করা। আর সেই কাজের জন্যই প্রতি মাসে মিলবে প্রায় সাড়ে তিন লাখ টাকা বেতন। সঙ্গে বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যতিক্রমী চাকরির ব্যবস্থা করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি)। তবে আকর্ষণীয় বেতনের এই চাকরিতে রয়েছে বেশ কিছু কঠিন শর্তও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার পোর্ট লকরয় এলাকায় পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনাসহ বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ করেছে সংস্থাটি। পাঁচ মাসের এই চাকরিতে মাসিক বেতন প্রায় ২ হাজার ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকা।

২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জন কর্মী নির্বাচন করা হয়েছে। তাদের কাজের জায়গা অ্যান্টার্কটিকার গৌডিয়ার দ্বীপে অবস্থিত পোর্ট লকরয়। বরফে ঢাকা এই দুর্গম অঞ্চলটি পেঙ্গুইনের আবাসস্থল হিসেবে পরিচিত।

নির্বাচিত কর্মীদের দুটি দলে ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। প্রথম দলের আটজন পোর্ট লকরয়ে অবস্থান করবেন। তাদের প্রধান কাজের মধ্যে রয়েছে পেঙ্গুইনের সংখ্যা গণনা, চলাফেরা ও আচরণ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ।

তবে শুধু পেঙ্গুইন গণনাতেই সীমাবদ্ধ থাকবে না তাদের দায়িত্ব। সেখানকার ঐতিহাসিক জাদুঘর পরিচালনা, পোস্ট অফিসের কার্যক্রম দেখাশোনা এবং পর্যটকদের জন্য উপহার ও স্মারকসামগ্রীর দোকান পরিচালনাও করতে হবে।

অন্য ছয়জনকে তুলনামূলকভাবে গবেষণাধর্মী ও কারিগরি কাজে নিয়োজিত করা হবে। তাদের সঙ্গে স্বাস্থ্যসেবা এবং পর্বতারোহণে অভিজ্ঞ পেশাজীবীরাও থাকবেন।

বেতন আকর্ষণীয় হলেও জীবনযাপন কঠিন

অ্যান্টার্কটিকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে কাজ করার সুযোগ এবং ভালো বেতন থাকলেও সেখানে জীবনযাপন মোটেও সহজ নয়। প্রচণ্ড ঠান্ডা, বিচ্ছিন্ন পরিবেশ এবং সীমিত নাগরিক সুবিধার মধ্যেই পাঁচ মাস কাটাতে হবে কর্মীদের।

সংস্থাটির তথ্য অনুযায়ী, পোর্ট লকরয়ে নিয়মিত পানির সরবরাহ নেই। নেই স্বাভাবিক গোসলের ব্যবস্থাও। শৌচাগারের সুবিধা অত্যন্ত সীমিত।

জাহাজের মাধ্যমে বড় ট্যাংকে পানি সংগ্রহ করতে হয়। সাধারণত জাহাজ এলে সপ্তাহে একবার গোসলের সুযোগ মেলে। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকলে টানা দুই সপ্তাহ পর্যন্ত গোসল ছাড়াই থাকতে হতে পারে।

এ ছাড়া সেখানে আধুনিক শহরের মতো যোগাযোগব্যবস্থা কিংবা দৈনন্দিন জীবনের সুযোগ-সুবিধাও পাওয়া যায় না। ফলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও দলগতভাবে কাজ করার দক্ষতাও গুরুত্বপূর্ণ।

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ

এবারের ২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট।

সংস্থাটির পরিচালক ক্যামিলা নিকোল জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। ক্রমবর্ধমান উষ্ণতা সেখানকার প্রাণী ও প্রাকৃতিক পরিবেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির তথ্যও উঠে এসেছে। এমন পরিস্থিতিতে পেঙ্গুইনের সংখ্যা ও আচরণ পর্যবেক্ষণ পরিবেশগত পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

মূলত ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, পর্যটন কার্যক্রম পরিচালনা এবং পেঙ্গুইনের আবাসস্থল পর্যবেক্ষণের মাধ্যমে অ্যান্টার্কটিকার পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় কাজ করে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট।

সূত্র: মার্কা (স্পেন)।