...|...|...

রাজনীতি

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:১৫
Shares
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের

ছবি: সংগৃহীত

সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু  ও জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করাসহ ৮ দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দফতর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা বিবৃতিতে এ দাবি জানিয়েছে দলটি।

জেলা আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহবান জানানো হচ্ছে।

দাবিগুলো হলো-

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমধামে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত অসত্য ও বিভ্রাভিকর তথ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থি সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও।

হাসপাতালে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও এ দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে গোপালগঞ্জের মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। কোনো জেলার মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের গৃহীত যেসব সিদ্ধান্তকে আমরা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা শাখা সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম  নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের