...|...|...

জাতীয়

পুরোনো অটোরিকশাও পাবে লাইসেন্স, মানতে হবে যে শর্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
পুরোনো অটোরিকশাও পাবে লাইসেন্স, মানতে হবে যে শর্ত

ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাইটেক নির্মিত অটোরিকশা। ছবি:সংগৃহীত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিমালায় বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে। ফলে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া ই-রিকশা চলাচলের সুযোগ থাকছে না। তবে নতুন নিয়মে আগে থেকে চলাচল করা অটোরিকশাগুলোর কী হবে, তা নিয়ে চালক ও মালিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ই-রিকশা মূলত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত যান। বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলা এসব যান নিবন্ধনের ক্ষেত্রে এবার কারিগরি মান ও নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

নতুন বিধিমালা অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ করতে হবে প্রতিটি ই-রিকশাকে। পাশাপাশি থাকতে হবে ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর। এসব শর্ত পূরণ না হলে কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি যানের জন্য কিউআর কোডযুক্ত আলাদা নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেয়ার বিধানও রাখা হয়েছে।

উৎপাদনের অনুমতি পেতে যেসব শর্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদন করতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে প্রতিষ্ঠানের তৈরি মডেলকে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিএসসিসিতে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পাশাপাশি কারখানা পরিদর্শন করা হবে। সবকিছু সন্তোষজনক হলে তবেই মিলবে উৎপাদনের অনুমতি।

গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় অংশ নেয়া ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

চার অঞ্চলে চার রঙের ই-রিকশা

রাজধানীতে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে ডিএসসিসির চারটি অঞ্চলের জন্য চার ধরনের রং নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। অঞ্চলভেদে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলবে। তবে প্রতিটি জোনে নির্ধারিত সংখ্যার বেশি যানকে লাইসেন্স দেয়া হবে না।

পুরোনো অটোরিকশার কী হবে?

নতুন বিধিমালা কার্যকর হলে আগে থেকে চলাচল করা অটোরিকশাগুলো লাইসেন্স পাবে কি না, এমন প্রশ্নও সামনে এসেছে। এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের ওপর নির্ভর করবে না। বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করাই প্রধান বিবেচ্য।

তার ভাষ্য, বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন কিংবা পুরোনো যেকোনো মডেলের ই-রিকশাকেই লাইসেন্স দেয়া হবে।

আবেদন করলেই মিলবে না নিবন্ধন

গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের দাম ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।

তবে আবেদন ফরম সংগ্রহ কিংবা আবেদন জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি কারিগরি পরীক্ষা ও অন্যান্য যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে হবে। সব প্রক্রিয়া শেষে যোগ্য ই-রিকশাগুলোকেই নিবন্ধনের অনুমতি দেয়া হবে।

এর আগে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করে। এর আওতায় সিটি করপোরেশন এলাকায় এসব যানকে নিবন্ধন ও লাইসেন্সের বাধ্যতামূলক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেয়া হয়েছে।