...|...|...

সারাদেশ

পিরোজপুরে বিএনপি অফিসে আগুন-লুটপাট, ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২২
Shares
পিরোজপুরে বিএনপি অফিসে আগুন-লুটপাট, ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: টাইমস টুডে

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১৫৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু এবং দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ।

এ ছাড়া মামলায় মালিখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৫ নভেম্বর রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকদের একাংশ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি ২২ নভেম্বর নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।