...|...|...

খেলা

পিএসজি ও রিয়াল ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল বার্সেলোনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৭
Shares
পিএসজি ও রিয়াল ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ক্লাসিকোর মতো মহা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জুল কুন্দে ও এরিক গার্সিয়া।

রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে দুই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

চলতি সপ্তাহেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর)  চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে তারা। এরপর আগামী রবিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচ খেলবে হান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ সেন্টার-ব্যাক এরিক গার্সিয়া ঊরুর চোটে পড়ে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। অন্যদিকে ফরাসি রাইট-ব্যাক জুল কুন্দে ভুগছেন অ্যাঙ্কেলের সমস্যায়। পিএসজির বিপক্ষে ম্যাচে কুন্দেকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তবে ক্লাসিকোর আগে তার সেরে ওঠার কিছুটা সম্ভাবনা রয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) লা লিগায় রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানোর ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি অন্য সেন্টার-ব্যাক জেরার্দ মার্তিন। যদিও রবিবারের মেডিকেল রিপোর্টে তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগে থেকেই চোটের কারণে দলের বাইরে আছেন ডেনিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ফলে স্কোয়াডে রক্ষণভাগে কোচ হান্সি ফ্লিকের হাতে প্রথম পছন্দের সেন্টার-ব্যাক হিসেবে এখন কেবল পাউ কুবার্সি ও জেরার্দ মার্তিনই অবশিষ্ট রইলেন।