শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পাশে দাঁড়িয়েছে প্রশাসন। রাব্বির পরিবারের স্থায়ী পুনর্বাসন ও তার উচ্চশিক্ষার পথ সুগম করতে সরকারিভাবে নানা সহায়তার উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অদম্য মেধাবী রাব্বিকে ডেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম তার হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাব্বির পরিবারের অস্বচ্ছলতা ও বর্তমান সংকটের কথা বিবেচনা করে সরকারি খাস জমিতে তাদের জন্য একটি বসতঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য একটি মুদি দোকান প্রতিষ্ঠা করে দেওয়ার পাশাপাশি রাব্বির উচ্চশিক্ষার পুরো যাত্রায় সর্বাত্মক সহায়তা করবে উপজেলা প্রশাসন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনও মেধার বড় বাধা হতে পারে না, তা প্রমাণ করেছে রাব্বি। তার এই চমৎকার সাফল্য আমাদের মুগ্ধ করেছে। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি, সরকারি ও সামাজিক সহযোগিতায় রাব্বি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


