বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়ার পথে পাহাড় আর মেঘের অপূর্ব মেলবন্ধনের মাঝে চোখে পড়ে নান্দনিক বৌদ্ধ বিহার রামজাদি। নির্মাণশৈলী, অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বান্দরবানের দৃষ্টিনন্দন জাদিগুলোর মধ্যে অন্যতম।
পাহাড়ের ঢালে মনোরম পরিবেশে গড়ে ওঠা রামজাদির চারপাশজুড়ে সবুজ পাহাড়। কখনো পাহাড়ের চূড়ায় মেঘের ভেলা, আবার কখনো মেঘে ঢেকে যায় পুরো এলাকা। মেঘ আর পাহাড়ের এমন মিতালিতে রামজাদির সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়।
শান্ত পরিবেশ, পাহাড়ি প্রকৃতি আর অনন্য নির্মাণশৈলী- সব মিলিয়ে রামজাদি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বান্দরবানের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পেয়েছে।
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে তাই রামজাদি হয়ে উঠেছে মুগ্ধতার এক বিশেষ জায়গা।


