কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গোপালগঞ্জে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘যেটাকে কম গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন।’ প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের ফিরে আসার নজির নেই। তিনি (শেখ হাসিনা) আসবেন না, আপনাদের এটা বুঝতে হবে।’
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না।’
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং দেশে ফেরার জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। এসব করে কোনো লাভ হবে না।
জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা ও তরিকুল ইসলাম কায়েদ এবং ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

