কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে নানা মনোবাসনা ও প্রার্থনা লেখা চিঠি। এর মধ্যে এক নারীর লেখা চিঠি নজর কেড়েছে। চিঠিতে তিনি নেককার ও দ্বীনদার ছেলে সন্তান চাওয়ার পাশাপাশি স্বামীর পাসপোর্ট পাওয়া, পরিবার নিয়ে ইউরোপে বসবাস এবং ভাইয়ের মালয়েশিয়া যাওয়ার পথ সহজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা দানবাক্স থেকে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। এরপর শুরু হয় টাকা গণনা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের কাজ। এ সময় পাওয়া যায় ওই নারীর হাতে লেখা চিঠিটি।
চিঠির শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখে তিনি নিজের তিনটি ইচ্ছার কথা তুলে ধরেছেন। প্রথম ইচ্ছায় নেককার ও দ্বীনদার ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

দ্বিতীয় ইচ্ছায় তিনি স্বামীর পাসপোর্ট দ্রুত ও সহজে পাওয়ার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি স্বামী ও সন্তানদের নিয়ে দ্রুত ইউরোপে একসাথে বসবাসের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
চিঠির তৃতীয় ইচ্ছাটি তার ভাইকে ঘিরে। ভাই আল-আমিনের বিদেশযাত্রা যেন সহজ হয় এবং তিনি যেন দ্রুত মালয়েশিয়া যেতে পারেন, সে জন্য প্রার্থনা করেছেন ওই নারী। চিঠির শেষে তিনবার ‘আমিন’ লিখে নিজের আকুতিগুলো আল্লাহর কাছে তুলে ধরেছেন।
পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবারই নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি বিভিন্ন ইচ্ছা ও প্রার্থনা লেখা চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে কেউ ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি, কেউ পারিবারিক শান্তি, আবার কেউ জীবনের নানা স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা জানান।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৭৯৬ টাকা। এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে। তবে এবার মোট কত টাকা পাওয়া গেছে, তা গণনা শেষে জানা যাবে।


