শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করলেও স্লো ওভার-রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে পাকিস্তানকে। একই অপরাধে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কাও। পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রবিবার (১৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারায় পাকিস্তান। তবে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি কোনো দলই। পাকিস্তান দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে ম্যাচ রেফারি জেফ ক্রো দুই দলের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ের ছাড় হিসাব করার পরও তাদের অপরাধ প্রমাণিত হয়।
ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ফয়সল আফ্রিদি দুই দলের বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়মেই পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে আগে ব্যাট করে সালমান আলী আগার সেঞ্চুরিতে ৩০৫ রানের লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কা ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। তাতে ৩৭ রানের জয় নিয়ে সিরিজ শুরু করে পাকিস্তান।


